রোহিত শর্মা, বিরাট কোহলির অবসরের পর টেস্ট ক্রিকেটে কেমন হবে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ? জল্পনা চলছে ক্রিকেট মহলে। বিশেষ করে কারা ইনিংস শুরু করবেন, তা নিয়েও আলোচনা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে একাধিক রদবদলের সম্ভাবনা রয়েছে।
ইংল্যান্ড সফরে যশস্বী জয়সওয়ালের ইনিংস শুরু করা নিয়ে প্রশ্ন নেই। তিনি দলের নিয়মিত ওপেনার। তবে রোহিত অবসর নেওয়ায় ভেঙে গিয়েছে ভারতের ওপেনিং জুটি। স্বাভাবিক ভাবেই যশস্বীর নতুন সঙ্গী খুঁজতে হবে ভারতীয় শিবিরকে। দলে এমনিতে ওপেনারের অভাব নেই। শুভমন গিল, লোকেশ রাহুল ওপেন করতে পারেন। এমনই জানা গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে।
এত দিন পর্যন্ত ওপেন করতেন যশস্বী এবং রোহিত। তিন নম্বরে নামতেন শুভমন। তাঁকে দিয়ে সম্ভবত ওপেন করানো হবে না। শুরুতে যশস্বীর সঙ্গী হতে পারেন রাহুল। অস্ট্রেলিয়া সফরে ইনিংস শুরু করে রান পেয়েছিলেন রাহুল। ওপেনার হিসাবে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি। শুভমনকে খেলানো হতে পারে চার নম্বরে। কোহলির শূন্যস্থান ভরাট করার দায়িত্ব সম্ভবত তাঁকেই দেওয়া হবে।





